...|...|...

আইন ও আদালত

সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৮
Shares
সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সিটিটিসির সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রবিবার (২০ সেপ্টেম্বর) এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় মোট আসামি পাঁচজন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অপর তিন কর্মকর্তা হলেন—সিটিটিসির সাবেক পরিদর্শক মো. আসাদুজ্জামান, সাবেক পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহাম্মেদ ও সাবেক এসআই তৌহিদুল ইসলাম সুমন। মামলার অপর আসামি সাবেক এডিসি ইশতিয়াক আহমেদ ইতোমধ্যে গ্রেফতার রয়েছেন।

আজ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত এ আদেশ দেন। আগামী ২২ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে ওই দিন গ্রেপ্তার ইশতিয়াককে আদালতে হাজির এবং বাকি চার আসামিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে ফখরুল ইসলাম ও তার ছেলে সাইফুল ইসলামসহ ছয়জনকে সিটিটিসির কার্যালয়ের গোপন বন্দিশালায় গুম করে রাখা হয়।

এ ছাড়া একই সময়ে গাজীপুরের ইবনে মাসউদ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবুল হোসেন আল-আমিনকে গুম করে হত্যার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।