পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আট আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জেলা জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার শামিম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ে প্রত্যেক আসামিকে ১০ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়া দুটি প্লট বাতিল করেছেন আদালত।
মামলার অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক ও রেজাউল করিম তরফদার। এ ছাড়া প্লট গ্রহীতা হিসেবে আসামি ছিলেন শওকত আজীজ ও আশফাক আজীজ।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে প্রতারণার আশ্রয় নেন। জামানত প্রত্যাহারের পর এবং আবেদন বাতিল হওয়া সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে দুজনকে মোট ১০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।


