পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাবের মোট ১৯ কোটি ৪৭ লাখ টাকা অবরুদ্ধের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহম্মেদ।
আদালতের নির্দেশে ব্যাংক হিসাব জব্দ হওয়া অপর ব্যক্তিরা হলেন—মনিরুল ইসলামের স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সাইলা ফারজানা, মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা।
দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মোজাম্মিল হোসেনের করা আবেদনে জানানো হয়, মনিরুল ইসলামের ১১টি হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার টাকার বেশি ও ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড, তার স্ত্রী সাইলা ফারজানার ৫টি হিসাবে ৮ লাখ ২ হাজার টাকা, শ্যালক শাহীনের ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ টাকা এবং শ্যালকের স্ত্রী টুম্পার ২৭টি হিসাবে ৮ কোটি ২২ লাখ টাকার সন্ধান মিলেছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা লোপাট, জঙ্গিবাদের তকমা দিয়ে এনজিওর নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
সম্প্রতি এই বিপুল অর্থ উত্তোলন করে বিদেশে পাচারের পাঁয়তারা চলায় রাষ্ট্রীয় স্বার্থে ব্যাংক হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করার আবেদন জানানো হয়।

