...|...|...

সারাদেশ

সাবেক এমপি হাবিবা রহমানের স্বামীসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৯:২৫
Shares
সাবেক এমপি হাবিবা রহমানের স্বামীসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

আলী আসকার খান পাঠান সেন্টু। ছবি: টাইমস ‍টুডে

নেত্রকোনার ছয়টি উপজেলায় গত ৪৮ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হাবিবা রহমান খানের স্বামী আলী আসকার খান পাঠান সেন্টুও রয়েছেন। নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আজ সন্ধ্যায় এসব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নেত্রকোনা সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা রহমান খানের স্বামী আলী আসকার খান পাঠান সেন্টুসহ দলটির চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সেন্টু জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি আবুল খায়ের।

মদন উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি আবুল বাশার খান এখলাছকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মদন থানার ওসি সালাহ উদ্দিন করিম।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, তার থানা এলাকায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমীনসহ দলটির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া কলমাকান্দা থানা এলাকা থেকে রংছাতি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মীর আইয়ুব নবীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা।

অন্যদিকে, কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে একজনকে গ্রেফতারের কথা জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।