...|...|...

রাজধানী

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৮
Shares
সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ শাখা (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা এবং তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর শায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। পাশাপাশি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দুদকের অবৈধ সম্পদ অর্জনসংক্রান্ত মামলায় আসামি শায়লা ফারজানার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়েছে।