...|...|...

রাজধানী

রাজধানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটিয়াকে হত্যা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:৪২
Shares
রাজধানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটিয়াকে হত্যা

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বাসার বাথরুমে বালতি রাখা নিয়ে বিরোধের জেরে এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে অপর এক ভাড়াটিয়া নিহত হয়েছেন। নিহতের নাম আনোয়ার হোসেন (৩০)। এ ঘটনায় অভিযুক্ত আরিফ হোসেন নামে আরেক ভাড়াটিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে। তিনি পেশায় বুটিকসের কাজ করতেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে নিহতের প্রতিবেশী সাকিব হোসেন জানান, তারা মিরপুর ৬ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন। শনিবার রাতে বাসার বাথরুমে বালতি রাখা নিয়ে আনোয়ারের সাথে আরেক ভাড়াটিয়া আরিফ হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের পিঠের বাম পাশে আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আনোয়ারের পিঠের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্লবী থানা পুলিশ তদন্ত করছে।