...|...|...

খেলা

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ৯:৫২
Shares
সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে মাঠে নামবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে মূল ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে সিনিয়র দলের হয়ে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম রোনানের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘরের মাঠে রোনানের অন্তর্ভুক্তি জাতীয় দলের দীর্ঘদিনের স্ট্রাইকার-সংকট ঘোচাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাহাদ করিম বলেন, 'আলহামদুলিল্লাহ, আজকেই সে নিশ্চিত করেছে যে ইনশা আল্লাহ আসতে পারবে। ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। নির্ধারিত সময়ের আগেই আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।'

গত এপ্রিলে মালদ্বীপের মালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জেতে তরুণ লাল-সবুজ প্রতিনিধিরা। টুর্নামেন্টে দ্যুতি ছড়িয়েছিলেন রোনান; পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি ফাইনালেও টাইব্রেকারে লক্ষ্যভেদ করেছিলেন তিনি।

আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। আগামী ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল বাদ পড়ায় এবার অংশ নিচ্ছে ৬টি দল।

ড্র অনুযায়ী ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।