সাতক্ষীরার কলারোয়ায় বাক্ ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১২) ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি ইব্রাহিম গাজী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের শহর আলীর ছেলে। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নূরুল আমিন।
মামলার নথি অনুযায়ী, নির্যাতিত কিশোরী জন্ম থেকেই বাক্ ও শারীরিক প্রতিবন্ধী। মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় জন্মের পর থেকেই সে নানির কাছে থাকত।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি ঝোপে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন ইব্রাহিম। কিশোরীর গুঙানির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আকবর আলী জানান, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ইব্রাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।


