জামালপুরে ব্রহ্মপুত্র সেতুর টোলপ্লাজায় সাংবাদিকের ছেলেকে মারধরের ঘটনায় জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করেছেন জামালপুর শহরের স্থানীয়রা। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে এ খবর লেখা পর্যন্ত অবরোধ চলছে।
জানা গেছে, বিকেলে ঢাকা প্রতিদিন পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি ফরিদুল ইসলামের ছেলে সাদিকুর রহমান সুমন প্রেসের স্টিকার লাগানো তার বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে গেলে টোলপ্লাজার বাধার মুখে পড়েন।
মোটরসাইকেল সাইড করে ৫ টাকা টোল দিতে দেরি করায় সুমনকে মারধর করেন টোলপ্লাজার কর্মচারীরা।
এরপর খবর পেয়ে জামালপুরের একাধিক সাংবাদিক টোলপ্লাজায় গিয়ে বিষয়টি জানতে চাইলে তাদের ওপরও আক্রমণ করেন ওই কর্মচারীরা।
এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর আক্রমণ চালালে শহিদুল ইসলাম তুফান নামে স্থানীয় এক সাংবাদিক আহত হন।
খবর পেয়ে ওই সাংবাদিকের স্বজন এবং ভুক্তভোগী সুমনের বন্ধুরা এসে প্রথমে জামালপুর শহরের বন্দেরবাড়ি এলাকায়, পরে ব্রহ্মপুত্র সেতুর জামালপুর অংশের টোলপ্লাজার সামনে অবরোধ করেন। এ ঘটনায় সড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়েছে।
ভুক্তভোগী সুমন বলেন, টাকা দিতে দেরি করায় তাকে মারধর করা হয়েছে। যারা তাকে মেরেছেন, দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।
শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানিয়েছেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।
ভুক্তভোগী সাংবাদিকের ছেলে কিংবা কেউ এ বিষয়ে এখন পর্যন্ত তাকে জানাননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক অবরোধের ঘটনা যেহেতু জামালপুর অংশে, তাই জামালপুরের পুলিশও বিষয়টি দেখবে বলে জানান তিনি।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। কথা বলে অবরোধ সমস্যার সমাধানের চেষ্টা করছেন।


