সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধীদল। সরকার ভুল করলে ধরিয়ে দেয়া হবে, সংশোধন না হলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মিন্টো রোডে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে বিরোধী দলীয় নেতার বৈঠক শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি।
এসময় তিনি বলেন, অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ খাতকে রাজনীতিকরণ করা হলে ব্যবসায়ীদের কাছে ভুল বার্তা যাবে, যা অর্থনীতিতে প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে।
পরওয়ার আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকলেও অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে এর প্রভাব পড়া উচিত নয়।
১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বাটেক্সপ্রো মেলায় বিরোধী দলীয় নেতাকে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি না করায় ক্ষোভ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। বলেন, রাজনৈতিক এবং সংকীর্ণ দলীয়করণের প্রতিচ্ছবি এটি, এতে মানুষের কাছে ভুল বার্তা যাবে।
বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরদার। গ্যাস, বিদ্যুৎ, এলসি ও করসংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন তারা। এসব সমস্যা সমাধানে সরকারের সাথে আলোচনা করে বিরোধী দল সহযোগিতা করবে বলেও জানান তিনি।


