গ্রামীণ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে তথ্য সংগ্রহ ও গবেষক দলকে সব ধরনের সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনার পর অধীনস্থ দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এই নির্দেশনাসংবলিত চিঠি পাঠানো হয়।
মাউশির সূত্রে জানা যায়, সার্ক এনার্জি সেন্টারের নিয়োজিত প্রতিষ্ঠান ‘সেন্ট্রাল ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিস লিমিটেড’ (সিআরইএসএল) বাংলাদেশের গ্রামীণ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার কারিগরি, অর্থনৈতিক, পরিবেশগত ও প্রাতিষ্ঠানিক সম্ভাব্যতা নিয়ে একটি গবেষণা পরিচালনা করবে।
এর আগে বিদ্যুৎ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাউশিকে গবেষক দলকে সহায়তার অনুরোধ জানিয়ে চিঠি দেয়। গবেষণার অংশ হিসেবে প্রতিনিধিদলটি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দফতর পরিদর্শন করে তথ্য সংগ্রহ, জরিপ এবং অবকাঠামো পর্যালোচনা করবে।
এই নির্দেশনার ফলে মাউশির মাঠপর্যায়ের পরিচালক, সরকারি কলেজের অধ্যক্ষ, সরকারি স্কুলের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিশ্চিত করতে হবে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি কেবল সম্ভাব্যতা যাচাই ও তথ্য সংগ্রহের প্রাথমিক উদ্যোগ, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

