...|...|...

জাতীয়

সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১ হাজার জুলাই যোদ্ধা: বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ৯:১৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, রাত ৯:২৮
Shares
সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১ হাজার জুলাই যোদ্ধা: বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

চলতি নভেম্বর মাসের শেষেই বাংলাদেশের ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছেন। তাদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধা রয়েছেন, যাদের সম্পূর্ণ সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মালয়েশিয়াগামী কর্মীদের বিষয়ে তথ্য জানান মন্ত্রী। 

আরিফুল হক চৌধুরী বলেন, কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা।

এ সময় বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের নেয়া পদক্ষেপ সম্পর্কেও সংসদে আলোচনা হয়।

প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্য প্রবাসীদের নানা দুর্ভোগের বিষয় তুলে ধরেন। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বিদেশ থেকে দেশে ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব রেমিট্যান্স যোদ্ধাকে বিদেশের মাটিতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

প্রবাসীদের উপার্জিত অর্থ দেশে পাঠানোর পর পারিবারিক নানা জটিলতা ও প্রতারণার শিকার হওয়ার ঘটনাও উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন ওই সংসদ সদস্য। পাশাপাশি বিমানবন্দরে লাগেজ কাটা, বিভিন্ন ধরনের হয়রানি, দালাল চক্রের হাতে জিম্মি হওয়া, নির্যাতন এবং তাদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের মতো সমস্যার কথা তুলে ধরেন তিনি।

এ ছাড়া বিদেশে কোনো প্রবাসী অসুস্থ হয়ে পড়লে কিংবা বিপদে পড়লে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগও সংসদে উত্থাপন করা হয়। এত বিপুলসংখ্যক রেমিট্যান্স যোদ্ধার এসব সমস্যা সমাধানে বর্তমান সরকারের পরিকল্পনা কী, তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর কাছে জানতে চান সংসদ সদস্য।

জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সহযোগিতায় প্রতিটি মিশনে ডেস্ক স্থাপন করা হয়েছে। এসব ডেস্কের মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে কোনো সমস্যার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিদেশে কোনো বাংলাদেশি কর্মী সমস্যায় পড়লে ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন। এ ধরনের অভিযোগ বা তথ্য পাওয়ার পর দ্রুত উত্তর দেয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা করার ব্যবস্থা রয়েছে। শুধু সংশ্লিষ্ট প্রবাসীকেই নয়, প্রয়োজনে তার পরিবারের সদস্যদের কাছেও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া হয়।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেয়া হয়েছে। তাদের চিকিৎসাসেবা ও চিকিৎসার খরচের বিষয়েও সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসাধীন ব্যক্তিদের অবস্থা সম্পর্কে নিয়মিত তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

বিদেশে কর্মরত বাংলাদেশিদের যেকোনো ধরনের সমস্যার তথ্য পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও সংসদকে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।