...|...|...

জাতীয়

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৩
Shares
সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

ছবি: সংগৃহীত

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কোরআন ও সুন্নাহর বিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে তা সংশোধনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সাথে সংসদে বিলটি পাসের আগে ইসলামী শরিয়াহ বিশেষজ্ঞদের পরামর্শ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই দাবি জানানো হয়।

সভায় নেতারা বলেন, নতুন পাসের ফলে মুসলিমদের হেবা (দান) প্রথায় জটিলতা সৃষ্টি হয়েছে। মুসলিমপ্রধান দেশে শরিয়াবিরোধী কোনো আইন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তারা বলেন, নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানে হাত দেওয়ার আগে আলেম-ওলামা ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া জরুরি ছিল। এ বিষয়ে আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করা হয় সভায়।

হেফাজত নেতারা স্পষ্ট জানান, শরিয়তসম্মত সম্পত্তি বণ্টন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা দেখানো রাষ্ট্রের দায়িত্ব। তাই কোনো অনাকাঙ্ক্ষিত বিরোধে না গিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে হেবা প্রথা ও উত্তরাধিকারদের অধিকার সুরক্ষায় বিতর্কিত বিধানটি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

আইনটি সংশোধনের দাবিতে হেফাজতে ইসলামের আমিরের পক্ষ থেকে ফিকাহ বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা শায়খ সাজিদুর রহমান, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন হাটহাজারী ও মাওলানা মাহফুজুল হকসহ সংগঠনের শীর্ষ নেতারা।