...|...|...

সারাদেশ

সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, তা নিশ্চিত করব: এমপি খোকন তালুকদার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৬
Shares
সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, তা নিশ্চিত করব: এমপি খোকন তালুকদার

বক্তব্য রাখেন এমপি খোকন তালুকদার। ছবি: টাইমস টুডে

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ২৪ প্রহর হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুরু হওয়া এ ধর্মীয় আয়োজন চলবে শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত।

বাহাদুরপুর গ্রামের ভক্ত বাড়ির শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির প্রাঙ্গণে এ নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী আয়োজনে ২৪ প্রহর হরিনাম সংকীর্তনের পাশাপাশি প্রথম দিন অনুষ্ঠিত হয় ভাগবত পাঠ। এতে বিভিন্ন এলাকার ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার (৩০ অক্টোবর) রাতে আয়োজনটি পরিদর্শন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি) এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমপির আগমনকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। আয়োজকেরা জানান, তার উপস্থিতিতে তারা আরও উৎসাহিত হয়েছেন। পাশাপাশি নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করছেন ভক্তরা।

অনুষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, আমি কৃতজ্ঞ, তারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমি মনে করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান- সব ধর্মের মানুষ সমাজের একটি স্তম্ভ, যেমন একটি হাতের পাঁচটি আঙুল। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ধর্ম পালন করবেন এবং সমাজের মানুষ সুশৃঙ্খলভাবে বসবাস করবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার স্বাদ ভোগ করার সুযোগ আমরা বজায় রাখব। আমরা যদি ভালো কাজের সাথে থাকি এবং সব ধর্মের মানুষের পাশে দাঁড়াই, তাহলে আবারও এই মানুষগুলো তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন।

তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনকে ঘিরে বাহাদুরপুর গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।