...|...|...

রাজনীতি

সবাইকে নবীজির নীতি-আদর্শ অনুসরণের আহ্বান রিজভীর

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, দুপুর ২:১৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:০৮
Shares
সবাইকে নবীজির নীতি-আদর্শ অনুসরণের আহ্বান রিজভীর

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে নেয়া

জাতীয় এবং সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সবাইকে নবীজির নীতি-আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, জাতীয় এবং সামাজিক জীবন প্রতিটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা দরকার তিনি হযরত মহানবী (সা.)। তার প্রদর্শিত পথ অবলম্বন করলে কেউ বিপথগামী হবে না, অন্যায় অনৈতিক কাজের সাথে যুক্ত হবে না। 

বুধবার (২৬ আগস্ট) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, এক উত্তাল গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ঘৃণ্য স্বৈরসশাসককে পরাজিত করেছে ছাত্র-জনতা। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যেদিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের অঙ্গীকার হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে জবাবদিহি করা। সেই জবাবদিহি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যম, পার্লামেন্ট ও তৃণমূলের নেতাকর্মীদের সামনে মন্ত্রীরা জবাবদিহি করছেন। এই জবাবদিহি প্রকারান্তরে জনগণের কাছে জবাবদিহি।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গুরুদায়িত্ব পালন করছেন। এখন যেই পরিবেশ রয়েছে, সেটি আগের চেয়ে খারাপ হয়েছে সেটা বলব না; কিন্তু এখান থেকে আরও উত্তরণ ঘটানো দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দেশের সব অপরাধীরা আইনের আওতায় আসবে, বিচার হবে এটি জনগণ চায়। স্বরাষ্ট্রমন্ত্রীর সুদীর্ঘ রাজনৈতিক জীবন। প্রত্যাশা উনার হাত দিয়ে দেশে শান্তিময় পরিবেশ হবে, দুষ্টের দমন শিষ্টের পালন নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোনও ধরনের মাদকের প্রভাব থাকবে না। মাদকসেবী ও মাদকের সিন্ডিকেট যেই হোক বা যতো বড় ক্ষমতাশালী হোক আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে নিস্তার পাবে না, এই নিশ্চয়তা চায় জনগণ।