বাংলাদেশ সচিবালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব। তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা হলেন মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন। তারা তিনজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১০(৫) ধারার আওতায় তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। একই সাথে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৪ ধারা অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুমতি পেয়েছেন তারা। তবে তিন কর্মকর্তার জন্য ক্ষমতা প্রয়োগের ক্ষেত্র পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে।
উপসচিব মো. তোফায়েল হোসেন দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারার অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। অন্যদিকে কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এবং সড়ক পরিবহন আইনের নির্ধারিত ধারাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেয়েছেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, কর্মকর্তারা বাংলাদেশ সচিবালয়ে দায়িত্ব পালনকালে এই ক্ষমতা ব্যবহার করতে পারবেন। তবে মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানাতে হবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত অন্য কর্মকর্তাদের সাথে মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম সমন্বয় করতে পারবেন।
এ ছাড়া প্রতি মাসের শেষ কর্মদিবসে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।


