নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘মহিলাদের অধিকাংশই এখনও মনোনীত হন। আমি মনে করি, বাংলাদেশে এখন সময় এসেছে, এই মনোনয়ন সিস্টেম উঠিয়ে দেওয়া উচিত।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্পিকার বলেন, ‘এখন মহিলারা ডাইরেক্টলি ইলেকশন করে আসা দরকার। দরকার হলে রাজনৈতিক দলগুলোকে এক-তৃতীয়াংশ নারী প্রার্থী মনোনয়ন দেবে। তিন ভাগের এক ভাগ নারী প্রার্থী দিতেই হবে কম্পালসারিলি।’
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আগের তুলনায় সংসদে নারী সদস্যদের দক্ষতা ও অংশগ্রহণ বেড়েছে। বর্তমানে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যদের মধ্যে ছয়জন ব্যারিস্টার রয়েছেন। এ ছাড়া সাত-আটজন নারী সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে এসেছেন। তাদের বক্তব্য শুনে তিনি মুগ্ধ হন বলেও জানান।
তিনি বলেন, ‘এখন ভেরি স্মার্ট এমপি। ছয়জন তো মহিলা ব্যারিস্টার আছে, সাত-আটজন ডাইরেক্টলি ইলেক্টেড এমপি আছে। আর এরা এত চমৎকার কথা বলে সংসদে, আমি মুগ্ধ হয়ে শুনি তাদের কথা।’
সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানোর পরিবর্তে এ পদ্ধতি বিলুপ্ত করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রথম জাতীয় সংসদে নারীদের জন্য ১৫টি আসন সংরক্ষিত রাখা হয়েছিল। তখন নারীরা তুলনামূলকভাবে পিছিয়ে ছিলেন। সে সময় এ ব্যবস্থার উদ্দেশ্য ছিল, নারীরা ধীরে ধীরে এগিয়ে গেলে একপর্যায়ে সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা থাকবে না। কিন্তু পরবর্তী সংসদগুলোতে আসনসংখ্যা বাড়তে বাড়তে এখন ৫০টিতে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মত, এখন মহিলারা যোগ্যতা অর্জন করেছেন। তাদের এভাবে সুযোগ দিলে তারা কখনো স্বাবলম্বী হবেন না, নিজের পায়ে দাঁড়াবেন না।’
স্পিকার আরও বলেন, বর্তমানে বিভিন্ন এলাকায় অনেক যোগ্য নারী নেত্রী রয়েছেন, যারা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীকে পরাজিত করে সংসদে আসতে সক্ষম। রাজনীতিতে নারীদের এ অগ্রগতি দেশের সমাজের এগিয়ে যাওয়ারও প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।


