জরুরি বা সংকটের মুহূর্তে অনেকেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সব সময় দ্রুত প্রতিক্রিয়া সঠিক ফল বয়ে আনে না। মার্কিন মনোবিজ্ঞানী ড. টমাস জেফরি তার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখিয়েছেন, কঠিন পরিস্থিতিতে তার স্ত্রীর শান্ত, ধীর ও চিন্তাশীল সিদ্ধান্তই বারবার ভালো ফল দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি নারী-পুরুষের নয়; বরং ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার ধরন ও আবেগ নিয়ন্ত্রণের সক্ষমতার বিষয়।
যা বলছেন ড. টমাস জেফরি
- প্রকৃত বুদ্ধিমত্তা শুধু দ্রুত উত্তর দেওয়ায় নয়, কখন থামতে হবে তা জানার মধ্যেও রয়েছে।
- দ্রুত সিদ্ধান্ত অনেক সময় ভুল কথা, ভুল পদক্ষেপ ও অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণ হতে পারে।
- স্ত্রীর অভ্যাস হলো গুরুত্বপূর্ণ বিষয়ে আগে কিছুক্ষণ থেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, তারপর সিদ্ধান্ত নেওয়া।
- ছোট্ট বিরতি তাকে অনেক ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়ে এনেছে
- দর্শনের আলোকে তিনি বলেন, কোনো ঘটনার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়া।
কেন বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ
- আবেগের বশে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিলে ভুল হওয়ার ঝুঁকি বাড়ে।
- কিছু সময় নিয়ে ভাবলে আবেগ ও যুক্তির মধ্যে ভারসাম্য তৈরি হয়।
- এতে সিদ্ধান্ত আরও বাস্তবসম্মত, কার্যকর ও দীর্ঘস্থায়ী হয়।
- পরিস্থিতি বোঝার জন্য নিজেকে কয়েক মুহূর্ত সময় দেওয়াই অনেক সময় সবচেয়ে বড় শক্তি।
বিশেষজ্ঞের বিশ্লেষণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সাইকোলজিস্ট রাউফুন নাহার বলেন, ‘নারী সব সময় বেশি ধৈর্যশীল বা পুরুষ সব সময় বেশি তাড়াহুড়ো করেন—এমন দাবি সমর্থন করে নির্দিষ্ট কোনো গবেষণা নেই।
মানুষের মস্তিষ্কে আবেগ ও যুক্তি দুই অংশই কাজ করে। সিদ্ধান্তের আগে বিরতি নিলে যৌক্তিক চিন্তার সুযোগ বাড়ে। তাই দ্রুত নয়, নিয়ন্ত্রিত ও ভেবে নেওয়া সিদ্ধান্তই সাধারণত বেশি ইতিবাচক ফল দেয়।’
নারী-পুরুষের পার্থক্য কী
- অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী, নারীরা অনেক সময় সম্পর্ক ও আবেগকে বেশি গুরুত্ব দেন।
- পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে বাস্তববাদী বা দূরত্ব রেখে চলার প্রবণতা দেখা যেতে পারে।
- তবে এই বৈশিষ্ট্য ব্যক্তি, পরিবেশ, পারিবারিক শিক্ষা ও অভিজ্ঞতা অনুযায়ী ভিন্ন হতে পারে।
শেষ কথা
সংকটের মুহূর্তে কার্যকর সিদ্ধান্তের মূল চাবিকাঠি লিঙ্গ নয়, বরং ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও পরিস্থিতি বোঝার ক্ষমতা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে সামান্য বিরতি নিয়ে আবেগ ও যুক্তির সমন্বয়ে সিদ্ধান্ত নিলে ভুলের ঝুঁকি কমে এবং সমাধান হয় আরও কার্যকর।


