...|...|...

খেলা

শেষ ম্যাচে দাপট দেখিয়ে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫১
Shares
শেষ ম্যাচে দাপট দেখিয়ে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সপ্তম স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জয় দিয়ে এশিয়ান গেমসের হকি অভিযান শেষ করল পিটার গেরহার্ডের দল।

শনিবার (৩ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটে ওঠে বাংলাদেশের খেলা। শেষ পর্যন্ত তিনটি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই বাংলাদেশকে এগিয়ে দেন রোমান সরকার। শুরুতেই গোল পাওয়ার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় বাংলাদেশের। প্রথম কোয়ার্টারের বাকি সময়ে একাধিক আক্রমণ গড়লেও ব্যবধান বাড়াতে পারেনি লাল-সবুজরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের ব্যবধান বাড়াতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ২-০।

শেষ দিকে থাইল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি। বরং ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশের জয় আরও নিশ্চিত করেন আশরাফুল ইসলাম।

এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের ফলে এশিয়ান গেমসে সপ্তম স্থান অর্জন করে হকিতে নিজেদের মিশন শেষ করল লাল-সবুজের দল।