শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি মূলত ‘আইনি বিষয়’ বলে নিজেদের অবস্থান ফের স্পষ্ট করেছে ভারত।
বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ডের রায়সংক্রান্ত নথি ভারতকে দেওয়া হয়েছে কিনা এবং এসব নথি প্রত্যর্পণ প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজন কিনা- এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি বিষয়। এর সাথে আইনি নানা দিক জড়িত।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্য নিয়েও জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। সম্প্রতি হুমায়ুন কবির বলেছিলেন, ভারতে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।
এর জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাথে ভারত ‘দূরদর্শী, গঠনমূলক ও ইতিবাচক’ সম্পর্ক গড়ে তুলতে চায়। এ সম্পর্কের কেন্দ্রে থাকবে দুই দেশের জনগণের স্বার্থ।
তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে আমাদের বর্তমান সম্পৃক্ততাকে এই নীতিই পরিচালিত করছে।


