...|...|...

জাতীয়

শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩৮ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫০
Shares
শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’—ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের নামে ভাইরাল হওয়া অডিওটি সত্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, অডিওতে থাকা কণ্ঠস্বর রাকিবুলেরই।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মো. শফিকুল ইসলাম বলেন, আদালতের অনুমতি নিয়ে সাবেক ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, অডিওতে থাকা কণ্ঠস্বর তারই।

তিনি বলেন, ‘সাবেক ওসি রাকিবুলের অডিওর বিষয়টি আদালতের অনুমতি নিয়ে আমরা ভয়েস টেস্টের মাধ্যমে শনাক্ত করেছি। এটা তারই কণ্ঠ ছিল।’

তবে ওই অডিওর পেছনের সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘তিনি কার সঙ্গে কথা বলেছেন, কেন বলেছেন, সবকিছু আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বিস্তারিত বলা সম্ভব না।’