...|...|...

ক্যাম্পাস

শীতের আগমনে নজরুল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে মৌসুমি রোগ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৫
Shares
শীতের আগমনে নজরুল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে মৌসুমি রোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: টাইমস টুডে

আবহাওয়া পরিবর্তন ও শীতের আগমনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেড়েছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের গত দুই মাসের রোগীসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অক্টোবরের তুলনায় নভেম্বরে এসব রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। 

মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসা নিতে আসা রোগীদের বড় একটি অংশ সর্দি-কাশি, জ্বর ও হাঁচির সমস্যায় ভুগছেন। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য, ভোর ও রাতে ঠান্ডা এবং দিনের বেলায় তুলনামূলক গরম আবহাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। ঋতু পরিবর্তনের এই সময়ে শিক্ষার্থীদের মধ্যে এসব মৌসুমি রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। 

এদিকে সর্দি-জ্বরের কারণে ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এতে নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। অসুস্থতার কারণে শিক্ষার্থীদের কেউ কেউ কয়েক দিন ধরে ক্লাসে অনুপস্থিত থাকছেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও সর্দি-কাশি ও জ্বরের উপসর্গ দেখা দিচ্ছে। 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম অর্পিতা বলেন, টানা ১০ দিনের বেশি সময় ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছি। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিয়েও সুস্থ না হওয়ায় এখন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এতে সেমিস্টার পরীক্ষায় প্রভাব পড়ছে। হলের অপরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্নতাকর্মীদের অবহেলা এবং ক্যাম্পাসের অতিরিক্ত ধুলাবালু অসুস্থতা আরও বাড়িয়ে দিচ্ছে।

আরেক শিক্ষার্থী মো. শাহীন আলম বলেন, গত পাঁচ দিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত। ক্লাস করতে পারিনি দুদিন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছি। মূলত শীতের কারণে মেসের অপরিচ্ছন্ন ও স্যাতস্যাতে পরিবেশ অসুস্থতার অন্যতম কারণ হতে পারে। 

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গত মাসের তুলনায় বর্তমানে রোগীর চাপ কিছুটা বেড়েছে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের কারণে মৌসুমি এসব রোগের প্রকোপ দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশই সর্দি-কাশি, জ্বর, হাঁচি ও কাশিজনিত সমস্যায় ভুগছেন। 

তিনি আরও বলেন, আবহাওয়া পরিবর্তনের এ সময়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বাইরে চলাচলের সময় প্রয়োজনে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে গরম পোশাক পরিধান করতে হবে। যারা শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত, শীতকালে ধুলাবালি ও কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় এমন ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।