...|...|...

ক্যাম্পাস

শিক্ষার্থীদের ‘আপনি’ বলাসহ চবির হোটেল-রেস্তোরাঁকে ১২ নির্দেশনা

সজল চন্দ্র রায়, চবি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৪
Shares
শিক্ষার্থীদের ‘আপনি’ বলাসহ চবির হোটেল-রেস্তোরাঁকে ১২ নির্দেশনা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে অবস্থিত হোটেল, রেস্তোরাঁ ও ক্যানটিন পরিচালনায় পরিচ্ছন্নতা, খাবারের মান, মূল্য নির্ধারণ এবং শিক্ষার্থীদের সাথে কর্মচারীদের আচরণসহ বিভিন্ন বিষয়ে ১২ দফা নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনায় শিক্ষার্থীদের ‘তুমি’ না বলে ‘আপনি’ সম্বোধন করা, পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন না করা এবং খাবারের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এ নির্দেশনা জারি করা হয়। এতে ক্যাম্পাসের সব হোটেল, রেস্তোরাঁ ও ক্যানটিন পরিচালনার সাথে সংশ্লিষ্টদের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, হোটেল, রেস্তোরাঁ ও ক্যানটিনের রান্নাঘর, খাবার পরিবেশনের স্থান, টেবিল, চেয়ার, মেঝে, বাসনপত্র ও অন্যান্য সরঞ্জাম সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো অবস্থাতেই পচা, বাসি, নষ্ট, দুর্গন্ধযুক্ত বা অনিরাপদ খাবার সংরক্ষণ কিংবা পরিবেশন করা যাবে না। একইভাবে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ, রান্না ও পরিবেশন নিষিদ্ধ করা হয়েছে। খাবার তৈরিতে ব্যবহারের আগে খাদ্যসামগ্রীর মেয়াদ যাচাই করতে হবে।

খাবারের দাম নির্ধারণের ক্ষেত্রেও বেশ কিছু শর্ত দিয়েছে প্রশাসন। নির্ধারিত বা অনুমোদিত মূল্যতালিকার বাইরে অতিরিক্ত দাম নেওয়া যাবে না। সব খাবারের মূল্য গ্রাহকদের সহজে চোখে পড়ে এমন স্থানে প্রদর্শন করতে হবে। এ ছাড়া যেসব খাবার পরিষ্কার করা বা স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করা কঠিন, সেগুলো রান্না ও পরিবেশন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রেও পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। কোনো হোটেল, রেস্তোরাঁ বা ক্যানটিন এক সপ্তাহ বা তার বেশি সময় বন্ধ থাকলে বিশ্ববিদ্যালয় খোলার অন্তত এক থেকে দুই দিন আগে ফ্রিজ সম্পূর্ণ খালি করে ভালোভাবে পরিষ্কার করতে হবে।

শিক্ষার্থীদের সাথে আচরণের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, তাদের সাথে সব সময় ভদ্র ও সম্মানজনক আচরণ করতে হবে। শিক্ষার্থীদের ‘তুমি’ না বলে ‘আপনি’ সম্বোধন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থী, কর্মচারী ও মালিকপক্ষের মধ্যে পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রক্টর অফিসকে জানাতে হবে।

কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের চুল ছোট ও পরিপাটি রাখতে হবে। প্রয়োজনে পরিষ্কার পোশাক, অ্যাপ্রোন ও মাথা ঢাকার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। শরীরের ঘাম, চুল বা অন্য কোনো দূষিত পদার্থ যেন খাবারের সংস্পর্শে না আসে, তা নিশ্চিত করতে হবে।

নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতি দুই মাসে অন্তত এক দিন হোটেল, রেস্তোরাঁ ও ক্যানটিনের কার্যক্রম বন্ধ রেখে রান্নাঘর, খাদ্য সংরক্ষণাগার, চুলা, ফ্রিজ, আসবাবপত্র ও বাসনপত্রসহ পুরো স্থাপনা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। পাশাপাশি প্রতিবছর অন্তত একবার প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশ প্রয়োজন অনুযায়ী রং করতে হবে। ভবন, দেয়াল, মেঝে, দরজা, জানালা, আসবাবপত্র কিংবা অন্য কোনো স্থাপনা ভাঙা বা ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতের ব্যবস্থা নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বড় ছুটির সময়ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় রান্নাঘর, খাদ্য সংরক্ষণাগার, ফ্রিজ, চুলা, বাসনপত্র ও আসবাবপত্রসহ পুরো স্থাপনা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। প্রয়োজনে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজও সম্পন্ন করতে হবে।

এ ছাড়া হোটেল, রেস্তোরাঁ ও ক্যানটিন পরিচালনার সাথে সংশ্লিষ্ট সব প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংরক্ষণ করতে হবে। কর্তৃপক্ষ চাইলে সেগুলো প্রদর্শন করতে হবে।

নির্দেশনার শেষাংশে বলা হয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে হোটেল, রেস্তোরাঁ ও ক্যানটিনে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত ও পরিবেশন নিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।