দাওয়াতি মাস ও সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে ১১ দফা আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। এতে বিশুদ্ধ আকিদা ও নৈতিকতা চর্চা, শিক্ষাব্যবস্থার যুগোপযোগী সংস্কার, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা, মাদরাসা শিক্ষার স্বকীয়তা রক্ষা এবং শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি সংগঠনটির প্রকাশিত এক প্রচারপত্রে দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানানো হয়। এতে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠন, ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
১১ দফা আহ্বানের প্রথম দিকে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকিদা-বিশ্বাস ধারণ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শে জীবন গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি তাকওয়া, ইখলাস, আমানতদারি, সত্যবাদিতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ অর্জনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শিক্ষাব্যবস্থা সংস্কারের বিষয়ে বলা হয়েছে, শিক্ষার সর্বস্তরে কোরআন-সুন্নাহর যথাযথ শিক্ষা এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রসার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও কর্মমুখী শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়েছে।
শিক্ষার্থীদের অধিকার প্রসঙ্গে মানসম্মত শিক্ষা, সহনীয় শিক্ষা ব্যয়, পর্যাপ্ত বৃত্তি, আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া কওমি ও আলিয়া মাদরাসাসহ সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের স্বকীয়তা বজায় রেখে শিক্ষার মানোন্নয়ন, সিলেবাসের যুগোপযোগী সংস্কার, সনদের যথাযথ মূল্যায়ন এবং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে সুযোগ সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে।
শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে প্রচারপত্রে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব, হয়রানি ও অনিয়মমুক্ত রাখতে হবে। নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ব্যক্তিস্বার্থ, ক্ষমতার দাপট ও সন্ত্রাসের ঊর্ধ্বে উঠে আদর্শিক ও দায়িত্বশীল ছাত্ররাজনীতি চর্চার কথা বলা হয়েছে। নেতৃত্ব বিকাশ, জবাবদিহি ও শিক্ষার্থীদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবিও রয়েছে এতে।
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাঙ্গনে হয়রানি, নিপীড়ন ও বৈষম্য বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ঘুষ, দুর্নীতি, সুদ, শোষণ, বৈষম্য ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা বলা হয়েছে।
শেষ দুই দফায় মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং অসহায়, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত। পাশাপাশি দ্বীনি জ্ঞান, আধুনিক জ্ঞান-বিজ্ঞান, দক্ষতা, সততা ও দূরদর্শিতার সমন্বয়ে দেশ ও জাতির যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেদের গড়ে তোলার কথা বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ও সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নিয়ে ইনসাফ, সাম্য ও মানবিক মর্যাদাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ, নৈতিকতাবোধসম্পন্ন এবং দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখেই দাওয়াতি মাস ও সদস্য সংগ্রহ অভিযান পরিচালিত হচ্ছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার প্রতিষ্ঠা, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে ছাত্র জমিয়ত কাজ করছে। এ উদ্যোগে দেশের সচেতন শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

