৬১তম জন্মদিনে ভক্তদের বড় চমক দিলেন শাহরুখ খান। সব জল্পনার অবসান ঘটিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই প্রকাশ পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’।
গানটিতে শাহরুখের সাথে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, মধুবন্তী বাগচী ও আন্তর্জাতিক পপ তারকা এড শিরান।
শচীন-জিগারের সুরে তৈরি গানটির শুরুতেই শাহরুখের সংলাপ, “ম্যায় কাতিল নহি, আশিক হুঁ” অর্থাৎ, ‘আমি খুনি নই, প্রেমিক’। এরপর দীপিকার সঙ্গে রোমান্টিক মুহূর্তের পাশাপাশি দেখা গেছে অ্যাকশন, আগুন ও সহিংসতার একাধিক দৃশ্য। এসব দৃশ্য ঘিরেই গল্পে বড় কোনো ট্র্যাজেডির ইঙ্গিত খুঁজছেন নেটিজেনরা।
বিশেষ করে দীপিকার হাতে থাকা একটি লাল আংটি পরে শাহরুখের কানে দেখা যাওয়ায় তাতর চরিত্রের সম্ভাব্য মৃত্যু নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারও ধারণা, গল্পে দীপিকার চরিত্র মারা যেতে পারে এবং তার স্মৃতি হিসেবেই সেই অলংকারটি নিজের কাছে রাখবেন শাহরুখের চরিত্র।
গানটির আরেকটি দৃশ্যে শাহরুখকে টাক্সেডো পরা অবস্থায় আগুনের সামনে চিৎকার করতে দেখা যায়। একই ধরনের পোশাক সিনেমার প্রচারণামূলক পোস্টারে ছেঁড়া ও রক্তাক্ত অবস্থায় দেখা গেছশা
এ কারণে কেউ কেউ মনে করছেন, গল্পে কোনো বিয়ের অনুষ্ঠান ঘিরে হামলা বা বড় ট্র্যাজেডি ঘটতে পারে। আগুনের পেছনে দেখা যাওয়া এক নারীর ছায়ামূর্তিকে অনেকে সুহানা খানের প্রথম ঝলক বলেও দাবি করছেন।
তবে এসব জল্পনার পাশাপাশি গানটি নিয়ে শুরু হয়েছে সমালোচনাও। নেটিজেনদের একাংশের দাবি, শাহরুখ-দীপিকার রোমান্টিক দৃশ্য ও ভিজ্যুয়ালে ‘পাঠান’-এর প্রভাব বেশি। কেউ কেউ আবার ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মিশ্রণ বলেও মন্তব্য করছেন।
এ ছাড়া সিদ্ধার্থ আনন্দের আগের সিনেমা ‘ফাইটার’-এর হৃতিক রোশন ও দীপিকার কয়েকটি দৃশ্যের সঙ্গে ‘তু মিল যায়ে’র মিল থাকার অভিযোগও উঠেছে। ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানে গেরুয়া পোশাক ঘিরে যে বিতর্ক হয়েছিল, এবার কাছাকাছি রঙের পোশাকে দীপিকাকে দেখে অনেকে সেটিকে পুরোনো সেই বিতর্কের ইঙ্গিত বলেও মনে করছেন।
বাস্তব লোকেশনে শুট করা কিছু দৃশ্য অতিরিক্ত সিজিআই ও ভিএফএক্স ব্যবহারের কারণে কৃত্রিম দেখাচ্ছে বলেও সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ।
সব মিলিয়ে জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান দিয়ে শাহরুখ বড় চমক দিলেও, সেই চমকের সঙ্গে এখন সমানতালে চলছে রহস্য, জল্পনা ও বিতর্ক। তবে দীপিকার চরিত্রের পরিণতি কিংবা বিভিন্ন দৃশ্যের মিল নিয়ে যে আলোচনা চলছে, সেগুলো এখন পর্যন্ত দর্শকদের ব্যাখ্যা ও অনুমান।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। সিনেমাটিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়ালসহ আরও অনেকে অভিনয় করছেন।


