বাংলাদেশের ক্রিকেটারদের সাথে আবারও কথার লড়াইয়ে জড়িয়ে আম্পায়ারদের সতর্কবার্তা পেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ। আম্পায়ারের সিদ্ধান্ত ও বাংলাদেশের রিভিউ নিয়ে মন্তব্য করায় এই সতর্কবার্তা পান তিনি। সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটাররাও তার এই আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন।
অস্ট্রেলিয়ার ইনিংসের নবম ওভারে তাসকিন আহমেদের বল স্মিথের প্যাডে লাগলে এলবিডব্লিউর জোরালো আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার নিতিন মেনন তাতে সাড়া দেননি। অধিনায়ক নাজমুল হোসেন ও তাসকিন যখন রিভিউ নেবেন কি না তা নিয়ে আলোচনা করছিলেন, তখন স্মিথ তাদের উস্কানি দিয়ে বলেন, ‘নিয়ে নাও।’ এর আগে বাংলাদেশের আবেদনের সময়ও স্টাম্প মাইকে তাকে বলতে শোনা যায়, ‘আমি তো অর্ধেক পিচে চলে এসেছি, বল তো ওপর দিয়ে যাচ্ছে।’
পরিস্থিতি সামলাতে দুই আম্পায়ার ক্রিজে গিয়ে স্মিথকে সতর্ক করেন। সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার ব্রেন্ডন জুলিয়ান আম্পায়ারদের পদক্ষেপে সমর্থন জানিয়ে বলেন, ‘আম্পায়াররা যথার্থ কাজ করেছেন। ফিল্ডিং দল কী করবে, তা ব্যাটারের ঠিক করার বিষয় নয়।’ আরেক ধারাভাষ্যকার কেরি ও’কিফ রসিকতা করে বলেন, ‘৭০–এর দশকে এমন করলে শরীর আস্ত রাখা কঠিন হতো।’
প্রথম টেস্টেও লিটন দাসের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন স্মিথ। তাইজুল ইসলামের বলে বাংলাদেশ আউটের আবেদন করলে স্মিথ লিটনকে উদ্দেশ্যে করে বলেন, ‘আরেকটা রিভিউ নষ্ট করো। যা ইচ্ছা করো।’ লিটন পাল্টা জবাবে বলেন, ‘তুমি শুধু ব্যাট করো।’ স্মিথ তখন বলেন, ‘আমি যা ইচ্ছা তা-ই করতে পারি।’
সাবেক অজি ওপেনার মাইক হাসিসহ ফক্স ক্রিকেটের বিশেষজ্ঞরা একমত যে রিভিউয়ের সময় ব্যাটারের চুপ থাকাই উচিত। ক্রিকেট বিশ্লেষকদের মতে, স্মিথের এই মানসিক লড়াই ক্রিকেটের চেতনার পরিপন্থী।


