শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি করতে আগামী ২২ অক্টোবরও সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওইদিন সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতও খোলা থাকবে।
গত ৭ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এর বিপরীতে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল হওয়ায় চাকরিজীবীদের সেদিন নিয়মিত অফিস করতে হবে। সচিবালয়সহ সরকারি দফতরগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে। একই সাথে ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতও খোলা থাকবে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। তবে ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা থাকলেও পরে ওইদিন ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।
ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন। ছুটির এ সমন্বয়ের কারণে একদিকে যেমন পূজার ছুটি দীর্ঘ হয়েছে, অন্যদিকে ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও কর্মস্থলে উপস্থিত থাকতে হবে চাকরিজীবীদের।


