মিশরের সুয়েজ শহরের কাছে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই কম্পন মিশরের বিভিন্ন এলাকা ছাড়াও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স।
সোমবার (স্থানীয় সময়) ভোর ৩টার কিছু পর ভূমিকম্পটি আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্প অনুভব করা বাসিন্দাদের কাছ থেকে তিন হাজার ১৯০টির বেশি প্রতিবেদন পাওয়া গেছে। তাদের তথ্য অনুযায়ী, সুয়েজের উত্তরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে কায়রো, নীল ডেল্টা, আলেকজান্দ্রিয়া ও পোর্ট সাইদ উল্লেখযোগ্য।
মিশরের বাইরে গাজা উপত্যকা, জর্ডান ও লেবাননেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভূমিকম্পের পর যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে, সেখানে মিশরীয় রেড ক্রিসেন্ট জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম চালু করেছে। একই সঙ্গে বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন এড়িয়ে চলার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৪ বলে জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে ভূমিকম্পের পর বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, জর্ডানের সরকারি সংবাদ সংস্থা পেট্রা জানিয়েছে, রবিবার উত্তর ইরাকের কিরকুক গভর্নরেটের পূর্বাঞ্চলে ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ঘটনায়ও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: দ্যা ন্যাশনাল


