লক্ষ্মীপুরে বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শাহাজাহান মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান।
এর আগে শুক্রবার রাতে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা পুলিশ শাহাজাহান মেম্বারকে আটক করে লক্ষ্মীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আত্মগোপনে ছিলেন শাহাজাহান। আটকের দিন নোয়াখালীর সোনাইমুড়ীতে তার এক নিকটাত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে যান তিনি। এ সময় সোনাইমুড়ী থানা পুলিশ তাকে আটক করে। পরে নোয়াখালীর পুলিশ সুপার বিষয়টি লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে জানান। এরপর লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ গিয়ে শাহাজাহানকে গ্রেফতার করে।
ওসি (তদন্ত) শফিকুর রহমান আরও জানান, শাহাজাহান মেম্বারকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।


