...|...|...

বিনোদন

র‍্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে হাসপাতালে মিষ্টি জান্নাত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ১২:০৫
Shares
র‍্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে হাসপাতালে মিষ্টি জান্নাত

ছবি: টাইমস টুডে

বেসরকারি একটি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সেখানে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ পড়ে গিয়ে আহত হন তিনি। পায়ে তীব্র ব্যথা অনুভব করলে পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাত লেগেছে। আপাতত ১৫ দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

জানা গেছে, প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিষ্টি জান্নাত। আয়োজনের অংশ হিসেবে র‍্যাম্পে হাঁটছিলেন তিনি। একপর্যায়ে স্টেজের ত্রুটির কারণে ভারসাম্য হারিয়ে পড়ে যান এই অভিনেত্রী। প্রথমবার বাধাগ্রস্ত হলেও নিজেকে সামলে নেন। তবে পরেরবার আর ভারসাম্য ধরে রাখতে পারেননি। পড়ে যাওয়ার পরও নিজেকে সামলে বাকি পথ হেঁটে ব্যাকস্টেজে চলে যান তিনি।

এ বিষয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আমি প্রতিনিয়ত স্টেজে র‍্যাম্পে হাঁটি। এর চেয়েও ভারী ও লম্বা পোশাক পরে র‍্যাম্পে হেঁটেছি। আমার হাঁটা বা পোশাকের কারণে এমনটা হয়নি। স্টেজে ত্রুটির কারণে প্রথমবার বাধাগ্রস্ত হলেও নিজেকে সামলে নিই। কিন্তু পরেরবার আর পারিনি, পড়ে যাই। এরপরও নিজেকে সামলে বাকি পথ হেঁটে ব্যাকস্টেজে যাই।’

তিনি আরও বলেন, ‘ব্যাকস্টেজে যাওয়ার প্রায় পাঁচ মিনিট পর পা আর নাড়াতে পারছিলাম না। পরে হাসপাতালে গেলে চিকিৎসক পরীক্ষা করে জানান, পায়ের গোড়ালির লিগামেন্টে টান লেগে আঘাত পেয়েছি। চিকিৎসক দুটি পেইনকিলার ও হাতে স্যালাইন দিয়েছেন। পায়ে প্লাস্টার করার পরামর্শ দিয়েছেন। আপাতত বাসায় যাচ্ছি, আগামীকাল এসে প্লাস্টার করাব।’

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, পায়ে প্লাস্টার করার পাশাপাশি তাকে ১৫ দিন বিশ্রামে থাকতে হবে। এদিকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন মিষ্টি জান্নাত।

অনুষ্ঠানের র‍্যাম্পে হাঁটতে গিয়ে এমন দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় আপাতত কাজ থেকে বিরতি নিতে হচ্ছে এই অভিনেত্রীকে। চিকিৎসকের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে চান তিনি।