...|...|...

খেলা

রোনালদোর পেনাল্টি মিসের দিনে ফেলিক্সের গোলে আল নাসরের জয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৫
Shares
রোনালদোর পেনাল্টি মিসের দিনে ফেলিক্সের গোলে আল নাসরের জয়

ছবি: সংগৃহীত

গোলের সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি, পেনাল্টি থেকেও লক্ষ্যভেদে ব্যর্থ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার এমন হতাশার রাতেও জয় পেয়েছে আল নাসর। স্বদেশি জোয়াও ফেলিক্সের করা একমাত্র গোলে সৌদি প্রো লিগে নিওমকে ১-০ ব্যবধানে হারিয়েছে দলটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। বিরতির পর রোনালদোর সামনে গোল করার একাধিক সুযোগ এলেও সেগুলো কাজে লাগাতে পারেননি ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ৬১তম মিনিটে ফেলিক্সের গোলে জয় নিশ্চিত হয় আল নাসরের।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আল নাসর। সাদিও মানের বাঁ দিক থেকে বাড়ানো উঁচু ক্রস পেয়ে কাছ থেকে শট নেওয়ার সুযোগ পান রোনালদো। কিন্তু ৪৭তম মিনিটে বাঁ পায়ের শটে বল জালে পাঠানোর বদলে ক্রসবারের ওপর দিয়ে বাইরে মারেন তিনি।

এরপর পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ আসে পর্তুগিজ অধিনায়কের সামনে। তবে স্পটকিক থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি রোনালদো। তার জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাশা আরও বাড়ে আল নাসরের এই তারকার।

রোনালদো সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত দলকে স্বস্তি এনে দেন জোয়াও ফেলিক্স। ম্যাচের ৬১তম মিনিটে তার করা গোলেই এগিয়ে যায় আল নাসর। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। অন্যদিকে, ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে নিওম। ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে কাদসিয়া। আর ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-হিলাল।