...|...|...

বিশেষ প্রতিবেদন

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল

রোগীর প্রেসক্রিপশনই ওষুধ কোম্পানির প্রতিনিধিদের টার্গেট

আল জুবায়ের বাদশা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৮
Shares
রোগীর প্রেসক্রিপশনই ওষুধ কোম্পানির প্রতিনিধিদের টার্গেট

রোগীর প্রেসক্রিপশনের অপেক্ষায় চিকিৎসকের কক্ষের সামনে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়। ছবি: টাইমস টুডে

 চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষা, শয্যা সংকট আর নানা ভোগান্তিতে যখন দিশেহারা রোগীরা, তখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বহির্বিভাগজুড়ে চলছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ। স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত দিন ও সময়ের তোয়াক্কা না করে চিকিৎসকদের কক্ষের সামনে অবস্থান করছেন তারা। এমনকি চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার পর রোগীদের ব্যবস্থাপত্র সংগ্রহ এবং মোবাইল ফোনে ছবি তোলার অভিযোগও রয়েছে। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও বাস্তবে মানা হচ্ছে না সেই নির্দেশনা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মাঝে মাঝেই অভিযান পরিচালনা করে প্রতিনিধিদের সরিয়ে দিলেও কিছুক্ষণ পরই আবার একই জায়গায় ফিরে আসছেন তারা।

নিটোরের ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য ও রোগীদের বিড়ম্বনার চিত্র নিয়েই টাইমস টুডের দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব।

টাইমস টুডের চারদিনের অনুসন্ধানে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগের নিচতলার ৩ থেকে ৬ নম্বর এবং দ্বিতীয় তলার ১১ থেকে ১৪ নম্বর কক্ষের আশপাশে ও করিডরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়মিত উপস্থিতি রয়েছে। এ ছাড়া, নির্দিষ্ট দিনগুলোতে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত সাক্ষাতের সময় থাকলেও আগেভাগেই চলে আসতে দেখা গেছে তাদের। রোগীরা ডাক্তারের রুম থেকে বের হতে না হতেই তাদের ঘিরে ধরছে এসব কোম্পানির প্রতিনিধিরা। কিছু বুঝে ওঠার আগেই হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে ছবি তুলতে থাকেন তারা। এতে, রোগীদের বাড়তি বিড়ম্বনায় পড়তে দেখা গেছে।

টঙ্গী থেকে কোমর ও পায়ের ব্যথা নিয়ে নিটোরে এসেছিলেন ট্রাক ড্রাইভার মিজানুর রহমান। পুরোনো রিপোর্ট ও এক্স-রে হাতে কক্ষ থেকে বের হতেই চারজন যুবক তাকে ঘিরে ধরে ব্যবস্থাপত্র দেখতে চান। মিজানুর রাজি না হলেও একজন দ্রুত হাতের কাগজগুলো নেড়েচেড়ে ব্যবস্থাপত্রের ছবি তুলে নেন। পরে জানতে চাইলে এই প্রতিবেদককে মিজানুর বলেন, ‘ডাক্তার কী লিখেছেন, নিজেই এখনও ভালো করে বুঝিনি; অথচ ওরা আগেভাগেই ছবি তুলে নিল। সবার কাগজ নিয়েই এমন টানাটানি করে ওরা।’

মিরপুর থেকে হাঁটুর ব্যথা নিয়ে আসা গৃহিণী মহিনী আক্তার দীর্ঘ সিরিয়ালের পর চিকিৎসক দেখিয়ে বের হওয়ার সময় দরজার সামনে প্রতিনিধিদের জটলায় আটকে যান। একপর্যায়ে একজন তার প্রেসক্রিপশন দেখতে চাইলে তিনি বিব্রত হন। নাজমা বলেন, ‘হাঁটুর ব্যথায় দাঁড়িয়ে থাকাই কষ্টকর, তার ওপর দরজার সামনে ভিড় আর কাগজ দেখার চাপাচাপিতে খুব অস্বস্তি লেগেছে।’

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা

সরকারি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ যাতায়াত ও চিকিৎসকদের সাথে সাক্ষাতের সুযোগ নিয়ন্ত্রণে ২০২৫ সালের বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত নোটিশে দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসকদের ভাবমূর্তি রক্ষা ও যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আট দফা নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, সপ্তাহে মাত্র দুই দিন- সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রতিনিধিরা চিকিৎসকদের সাথে সাক্ষাতের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের বাইরে হাসপাতাল চত্বরে তাদের অবস্থান নিষিদ্ধ।

এ ছাড়া রোগীদের ব্যবস্থাপত্র, ব্যক্তিগত তথ্য কিংবা হাসপাতাল-সংক্রান্ত কোনো কাগজপত্রের ছবি তোলাও নিষিদ্ধ করা হয়েছে। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের টেবিলে বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা রাখা এবং অনুমোদনহীন বেসরকারি সিল ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নির্দেশনায় নিষেধাজ্ঞা থাকলেও নিটোরের বহির্বিভাগের বিভিন্ন কক্ষের সামনে প্রতিনিধিদের উপস্থিতি চোখে পড়ার মতো। চিকিৎসকের পরামর্শ শেষে রোগীরা কক্ষ থেকে বের হলেই তাদের প্রেসক্রিপশন দেখতে চাওয়া হচ্ছে। আবার মোবাইল ফোনে ব্যবস্থাপত্রের ছবি তোলার ঘটনাও ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, কোন চিকিৎসক কোন কোম্পানির কী পরিমাণ ওষুধ লিখছেন, তা পর্যবেক্ষণ এবং বাজারের পরিস্থিতি বিশ্লেষণের উদ্দেশে এসব ছবি সংগ্রহ করা হয়। বিশেষ করে ব্যথানাশক, গ্যাস্ট্রিকের ওষুধ এবং হাড়, সন্ধি ও মেরুদণ্ডের জটিল চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ব্যবস্থাপত্রের প্রতি প্রতিনিধিদের আগ্রহ বেশি।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ মাইকিং করে প্রতিনিধিদের সরিয়ে দেওয়ার পরও কিছুক্ষণ যেতে না যেতেই তাদের আবার একই জায়গায় ফিরে আসতে দেখা গেছে। প্রতিনিধিরা বলছেন, কোম্পানি থেকে তাদের ওপর ব্যবস্থাপত্র সংগ্রহ ও ওষুধের প্রেসক্রিপশন পর্যবেক্ষণের চাপ রয়েছে। এসব কাজ না করলে চাকরি হারানোর আশঙ্কাও রয়েছে বলে তারা দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিনিধি জানান, আমাদের নির্দিষ্ট সংখ্যক প্রেসক্রিপশনের ছবি তোলার টার্গেট থাকে। এর উপরে ভিত্তি করে পারফরম্যান্স মূল্যায়ন, বোনাস, ইনক্রিমেন্ট ও প্রমোশন নির্ধারিত হয়। আমরা লজ্জা ভুলে পরিবারের দিকে তাকিয়ে আমাদেরকে বাধ্য হয়ে এমন করতে হচ্ছে।

কর্তৃপক্ষ যা বলছে

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বিষয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান টাইমস টুডেকে বলেন, তারা হাসপাতালের নিজস্ব কর্মচারী না হওয়ায় তাদের বিরুদ্ধে সরাসরি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া কর্তৃপক্ষের এখতিয়ারের বাইরে। তবে তাদের জন্য নির্দিষ্ট সময় বেধে দেওয়া আছে এবং এর বাইরে অবস্থান করলে হাসপাতালের স্টাফরা তাদের সরিয়ে দেন।

তিনি আরও জানান, মূলত নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে প্রেসক্রিপশনের ছবি ও প্রোডাক্ট লেখার প্রমাণ পাঠানোর শর্ত এবং চাকরি ও পদোন্নতির চাপের কারণেই প্রতিনিধিরা কৌশলে অনেক সময় রোগী বা স্বজনের ছদ্মবেশে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তবে চিকিৎসকদের কক্ষে তারা কোনো বাড়তি সুযোগ পান না এবং হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিতই তাদের এসব কৌশল প্রতিহত করছে।

এ ছাড়া নির্ধারিত সময়ের (দুপুর ১২টার) আগে কিংবা নিয়ম ভেঙে ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশের অভিযোগ পেলে অভিযান চালিয়ে সেসব ব্যাগ জব্দ করা হয় বলেও জানান পরিচালক। তিনি উল্লেখ করেন, অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষকে দেখলে প্রতিনিধিরা পালিয়ে যান এবং পরবর্তীতে তাদের মালিক বা ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে জব্দকৃত ব্যাগ ছাড়িয়ে নিয়ে যান।