...|...|...

খেলা

রিয়ালে এই কি সেই ভিনিসিয়ুস, নাকি অন্য কেউ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৬
Shares
রিয়ালে এই কি সেই ভিনিসিয়ুস, নাকি অন্য কেউ

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর ব্রাজিলে ছড়ায় এমন এক তত্ত্ব, ভিনিসিয়ুস জুনিয়র  আসল নাকি নকল! মুখের কসমেটিক সার্জারির পর তার চেহারায় পরিবর্তন আসতেই গুজব ছড়ায়, ভিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এবং বিজ্ঞাপনের চুক্তি ধরে রাখতে তার মতো দেখতে অন্য কাউকে মাঠে নামানো হচ্ছে।

রিয়াল মাদ্রিদে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের। গোলের খরা, ড্রিবলিংয়ে ব্যর্থতা ও আক্রমণে কার্যকারিতা কমে যাওয়ায় প্রশ্ন উঠছে তার পারফরম্যান্স নিয়ে। একসময় প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ানো এই উইঙ্গার এখন নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে, আর তার জায়গায় সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন দলের অন্য খেলোয়াড়েরা।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে ১০ ম্যাচে মাত্র একটি গোল করেছেন ভিনি। লা লিগায় আট ম্যাচে তার গোল একটি, সাথে তিন অ্যাসিস্ট। চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচে গোল বা অ্যাসিস্ট কোনোটিই নেই। ২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর মৌসুমের এটিই তার সবচেয়ে বাজে শুরু বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।

ভিনির দুর্বলতার চিত্র দেখা যাচ্ছে ড্রিবলিংয়েও। ২০২২-২৩ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে প্রতি ৯০ মিনিটে গড়ে ৮.৪২টি ড্রিবলিং করতেন তিনি, যার মধ্যে সফল হতো ৩.৬৭টি। চলতি মৌসুমে তা নেমে এসেছে যথাক্রমে ৪.৩৪ ও ১.৮৬-তে।

গোলের সুযোগ কাজে লাগাতেও ব্যর্থ হচ্ছেন এই ব্রাজিলিয়ান। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ শটে গোল করেছেন মাত্র একটি, অথচ তার প্রত্যাশিত গোলের হিসাব ৩.১৪। শট থেকে গোল করার হার মাত্র ৪.৪ শতাংশ।

গত বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ম্যাচে ৫৯ মিনিটে ভিনিকে তুলে নেন কোচ জোসে মরিনিও। গোল, অ্যাসিস্ট কিংবা উল্লেখযোগ্য আক্রমণ তৈরি কোনোটিতেই অবদান রাখতে পারেননি তিনি। ম্যাচ শেষে নিজের হতাশা প্রকাশ করে ভিনি বলেন, ‘সেরা ফর্মে না থাকায় আমি নিজেই নিজের ওপর বিরক্ত।’

এদিকে ভিনির বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছেন এনদ্রিক ও দিওমান্দে। রোমার বিপক্ষে এনদ্রিক গোল ও অ্যাসিস্ট করেন। অন্যদিকে রিয়ালের সর্বশেষ চার ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট রয়েছে দিওমান্দের। দুই উইংয়েই খেলতে পারা এই ফুটবলার ভিনির ওপর চাপ বাড়াচ্ছেন।

গত মৌসুমে রিয়ালের হয়ে প্রতি ম্যাচে গড়ে ০.৬ গোলে অবদান ছিল ভিনির। চলতি মৌসুমে তা কমে দাঁড়িয়েছে ০.৪-এ। অন্যদিকে ড্রিবলিংয়ে দিওমান্দের সফলতার হার ৬৫.৭ শতাংশ, যেখানে ভিনির ৪৬.৫ শতাংশ।

সব মিলিয়ে আগের সেই ধারালো ভিনিসিয়ুসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নিজের জায়গা ধরে রাখতে হলে ফর্মে ফিরতে হবে তাকে। সেই পুরোনো ভিনিকে ফিরিয়ে আনার দায়িত্ব শেষ পর্যন্ত তার নিজেরই।