...|...|...

খেলা

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৩৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৩
Shares
রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৮২ রানে আটকে দেওয়ার পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচটি জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা।

রিভালদো মুনসামিকে মুশফিক হাসান ফেরানোর পর জুবাইর হামজা ও মারকেস অ্যাকারম্যান জুটি গড়ার চেষ্টা করেন। তবে ৩৫ বলে ৩১ রান করা হামজাকে আলিস আল ইসলাম এবং অ্যাকারম্যানকে রিশাদ হোসেন ফিরিয়ে দিলে ফের চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। রিশাদ ও আলিসের ঘূর্ণিতে একসময় ছন্দ হারিয়ে ফেলে তাদের ব্যাটিং লাইনআপ। শেষ দিকে ইমরান মানাক ৫৩ বলে ৪৩ রান করে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন। তবে রিশাদের বলে তার বিদায়ের পর ৪০ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। তিনি শিকার করেন ৪ উইকেট। আলিস আল ইসলাম নেন ৩ উইকেট। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান ও মুশফিক হাসান একটি করে উইকেট পান।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখের উদ্বোধনী জুটিতে আসে ৯৩ রান। সাইফ ছিলেন আক্রমণাত্মক, আর নাঈম খেলেন ধৈর্য ধরে। ৫৩ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাইফ ফিরলেও জয়ের ভিত গড়ে দেন তিনি।

এরপর পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৭ এবং নুরুল হাসান সোহান ২২ বলে ১৬ রান করেন। অন্য প্রান্তে ফিফটি তুলে নেন নাঈম শেখ। জয় থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে ৭৭ বলে ৬০ রান করে ফেরেন তিনি। তার বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭০ রান।

শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও জয় নিয়ে কোনো সংশয় তৈরি হয়নি। মোহাম্মদ সাইফউদ্দিন ১০ বলে ৩, আফিফ হোসেন ধ্রুব ৬ বলে ৬ এবং রিশাদ হোসেন ১৪ বলে ৫ রান করেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে কাইল সিমন্ডস ৩ উইকেট নিলেও বাংলাদেশের জয় ঠেকাতে পারেননি। ব্যাটিং-বোলিংয়ে দলীয় পারফরম্যান্সে শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।