সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাবাহিনী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলু এজেন্সির।
ইয়েমেনে কর্মরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি বাহিনী রাজ্যের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে এমন যেকোনো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নজরদারির মধ্যে রেখেছে।
তিনি জানান, রিয়াদ অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া ড্রোন দুটি দেশের আকাশসীমায় প্রবেশের আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে সফলভাবে আটকে ধ্বংস করে দেয়।
উল্লেখ্য, গত জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র আকার ধারণ করার পর থেকে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সাথে হুথি বিদ্রোহীদের এই নতুন দফার লড়াই শুরু হয়। ওই সময় হুথিরা রিয়াদের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছিল।


