...|...|...

সারাদেশ

রাস্তার পাশে পার্কিং করা বাসে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:১০
Shares
রাস্তার পাশে পার্কিং করা বাসে আগুন

ছবি: টাইমস তুডে

ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের সিট ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম মীর এক্সপ্রেস। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩। বাসটি স্কয়ার ফ্যাশন কারখানার পাশে পার্কিং করা ছিল। ঘটনার সময় বাসের ভেতরে একজন কর্মী ঘুমিয়ে ছিলেন।

ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১৩ জন সদস্য আগুন নেভানোর কাজে অংশ নেন।

বাসটির মালিক মো. শফিকুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা। তিনি মৃত শরাফত আলীর ছেলে।

শফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে বাসটি স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় পার্কিং করেন। রাত ৩টার পর কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তিনি ফোনে জানতে পারেন। ১৮ লাখ টাকা দিয়ে বাসটি কেনার পর আরও ৩ লাখ টাকা খরচ করেছেন। পুরো টাকাই এনজিও থেকে ঋণ নেওয়া। বাসটিই ছিল তার একমাত্র আয়ের অবলম্বন।

তিনি আরও বলেন, আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পরিবারের ভরণপোষণে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে এখন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।