রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলকে লক্ষ্য করে এক রাতেই ৬০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এর মধ্যে সিংহভাগ ড্রোনই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর বরাতে বলা হয়েছে, রাতভর মস্কোর দিকে ধেয়ে আসা ৬১৩টি ড্রোনের বেশির ভাগই আকাশেই গুলি করে নামানো হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা সংস্থা টেলিগ্রামে জানান, বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলোর মধ্যে ২৩১টি ড্রোন শহরের উপকণ্ঠে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে। আর বাকি ড্রোনগুলো বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে মস্কো থেকে দূরবর্তী আকাশসীমাতেই নিষ্ক্রিয় করা হয়েছে।
মস্কো অঞ্চলকে লক্ষ্য করে চালানো একের পর এক বড় ধরনের ড্রোন হামলার সর্বশেষ ঘটনা এটি। এর আগে গত সেপ্টেম্বরে রেকর্ড এক হামলায় ১,৬০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী।
এদিকে ড্রোন হামলার জবাবে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে পাল্টা আক্রমণ চালিয়েছে রাশিয়া। খারকিভের মেয়র ইহোর তেরেখভ টেলিগ্রামে জানিয়েছেন, রুশ হামলায় শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।


