...|...|...

আইন ও আদালত

স্বামীকে পালাতে সহায়তার অভিযোগ

রামিসা হত্যা মামলায় যে কারণে খালাস পেলেন স্বপ্না

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
রামিসা হত্যা মামলায় যে কারণে খালাস পেলেন স্বপ্না

রামিসা হত্যা মামলায় যে কারণে খালাস পেলেন স্বপ্না। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারিক আদালতে স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যুদণ্ড হয়েছিল। তবে উচ্চ আদালতে এসে খালাস পেয়েছেন স্ত্রী স্বপ্না খাতুন। অপরাধে সরাসরি সম্পৃক্ততা কিংবা ধর্ষণ ও হত্যায় সহযোগিতার কোনো প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর স্বপ্না খাতুনের খালাসের কারণ ব্যাখ্যা করেন আসামিপক্ষের আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল।

রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মো. হাফিজুর রহমান খান বলেন, স্বপ্না খাতুনের বিরুদ্ধে অপরাধে সহযোগিতা বা সহায়তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ও ৩০ ধারায় তাকে সাজা দেওয়া হয়েছিল। কিন্তু অপরাধে সহায়তা বা সহযোগিতার কোনো প্রমাণ না থাকায় আদালত তাকে খালাস দিয়েছেন।

ঘটনার সময় স্বপ্না ঘরের ভেতরে ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি ঘটেছিল বাথরুমে, যা ঘরের বাইরে ছিল। ফলে বাথরুমে ঘটনা ঘটলেও স্বপ্না ছিলেন ঘরের ভেতরে। এ ছাড়া স্বপ্নার কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দিও ছিল না।

আসামিপক্ষের এই আইনজীবী আরও বলেন, মামলার আলামত হিসেবে থাকা লাশ স্বপ্না স্পর্শ করেছেন, এমন কোনো প্রমাণ নেই। লাশ সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, এমন প্রমাণও পাওয়া যায়নি। স্বপ্না তার স্বামী সোহেলকে পালিয়ে যেতে বলেছিলেন। কিন্তু পালিয়ে যেতে বলা আর অপরাধে সহযোগিতা করা এক বিষয় নয়।

অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, স্বপ্না খাতুনের বিষয়ে আদালতের পর্যালোচনা ও পর্যবেক্ষণ হলো, মূল অপরাধ ছিল ধর্ষণ এবং পরবর্তী সময়ে হত্যা। সোহেল রানার জবানবন্দিতে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হলেও এ ঘটনায় স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কথা বলা হয়নি।

তিনি বলেন, আদালত পর্যবেক্ষণে বলেছেন, ধর্ষণের ঘটনায় একজন নারী হিসেবে স্বামীর সহযোগী হওয়ার সুযোগ নেই। তবে অন্যান্য সাক্ষীর সাক্ষ্য থেকে প্রমাণিত হয়েছে, স্বামীকে বাঁচাতে তিনতলার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বপ্না খাতুন সহযোগিতা করেছিলেন। কিন্তু মূল অপরাধ ধর্ষণ ও হত্যার সাথে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এ বিবেচনায় আদালত তাকে খালাস দিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সোহেল রানার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের বক্তব্য আদালত গ্রহণ করলেও স্বপ্না খাতুনের সম্পৃক্ততার বিষয়ে তার বক্তব্য গ্রহণ করেননি।

আদালতের পর্যবেক্ষণের কথা তুলে ধরে তিনি বলেন, স্বপ্না খাতুনকে এ ঘটনায় সম্পৃক্ত করে অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তার একটি যুক্তি ছিল—দরজায় ধাক্কাধাক্কির সময় স্বপ্না দরজা খুলে দিলে হয়তো রামিসাকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।

অ্যাটর্নি জেনারেল বলেন, দীর্ঘক্ষণ ভেতর থেকে দরজা আটকে রাখা এবং গ্রিল কেটে আসামিকে পালিয়ে যেতে সহায়তা করা—দুটিই সময়সাপেক্ষ বিষয়। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। রামিসার বাবা বনশ্রী থেকে খবর পেয়ে বাসায় পৌঁছানোর পর দরজার লক ভাঙা হয়। এরপর সপ্তম সাক্ষীর ধারণ করা ভিডিওতেও দেখা যায়, স্বপ্না খাতুন বাথরুমের দরজা খুলছেন ও বন্ধ করছেন।

তিনি আরও বলেন, ধারণা করা যেতে পারে, ওই সময় রামিসা জীবিতও থাকতে পারে। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, একজন অপরাধীকে অপরাধ আড়াল করতে সহযোগিতা করা এবং সময়মতো দরজা না খোলার কারণে স্বপ্না খাতুনও সমানভাবে দায়ী হতে পারেন। তবে আদালত অ্যাটর্নি জেনারেলের এ বক্তব্য গ্রহণ করেননি। স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার ক্ষেত্রে এটিও আদালতের অন্যতম বিবেচ্য বিষয় ছিল।