...|...|...

ঢাকা

রামদা হাতে ভাইরাল হেলমেট পরা সেই নারী গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৪৯
Shares
রামদা হাতে ভাইরাল হেলমেট পরা সেই নারী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাতে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের দিকে এগিয়ে যাওয়া এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিওতে ওই নারীকে মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা যায়।

গ্রেফতার নারীর নাম রেখা বেগম নদী (৩০)। তিনি ভৈরব উপজেলার আকবরনগর খুনী বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবা আক্তার হোসেন মেম্বার এবং মা শেফালী বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকবরনগর ও মিরার চর গ্রামের বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এরই মধ্যে দুই গ্রামের সংঘর্ষে দুইজন নিহত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর থেকে দুই গ্রামেই থমথমে পরিবেশ বিরাজ করছিল।

এর মধ্যে দুই দিন আগে ফের দুই পক্ষের লোকজন ঝগড়ায় জড়িয়ে পড়েন। ওই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক নারী মাথায় হেলমেট পরে হাতে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

পরে ভৈরব মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রেখা বেগম নদীকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভৈরব মডেল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ভৈরব থানা পুলিশ অভিযান পরিচালনা করে রেখা বেগম নদীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

এদিকে দুই গ্রামের সংঘর্ষ ও পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে এলাকায় ফের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।