...|...|...

খেলা

রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, প্রথম দিনেই মুখোমুখি রিয়াল-ইন্টার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪১
Shares
রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, প্রথম দিনেই মুখোমুখি রিয়াল-ইন্টার

ছবি: সংগৃহীত

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াই ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের মূল পর্ব শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। নতুন ফরম্যাটের ৩৬ দলের লিগ পর্বের দীর্ঘ পথচলা শেষে ২০২৭ সালের ৫ জুন মাদ্রিদের এস্তাদিও মেত্রোপোলিতানোয় ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ফুটবলের মর্যাদাপূর্ণ এই আসর।

চলতি সপ্তাহে ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ না থাকায় পুরো তিন দিন একক আলো থাকবে চ্যাম্পিয়নস লিগেই। প্রথম ‘ম্যাচডে’তে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে মোট ১৮টি ম্যাচ, প্রতিদিন ছয়টি করে।

প্রথম দিনেই থাকছে বড় ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ১টায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলানকে। একই সময়ে পর্তুগিজ ক্লাব পোর্তোর মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি, লিলের মুখোমুখি হবে রিয়াল বেতিস এবং বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে নামবে ভিয়ারিয়াল।

এর আগে রাত ১০টা ৪৫ মিনিটে ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন উদ্‌যাপন করবে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। একই সময়ে মাঠে নামবে গ্রিসের এইকে এথেন্স ও অস্ট্রিয়ার লাস্ক।

বুধবারের সূচিতেও রয়েছে রোমাঞ্চ। ফেয়েনুর্দের বিপক্ষে নামবে বার্সেলোনা, আর লিভারপুল ঘরের মাঠে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদের। এ ছাড়া নাপোলির মাঠে আর্সেনাল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি খেলবে স্লোভান ব্রাতিসলাভার বিপক্ষে।

বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে আজারবাইজানের ক্লাব সাবাহর মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরবে ম্যানচেস্টার ইউনাইটেড। বায়ার্ন মিউনিখ খেলবে বোডো/গ্লিমটের বিপক্ষে এবং রোমার মুখোমুখি হবে ফেনারবাচে।