...|...|...

রাজধানী

রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড, শুরু হয়েছে সংস্কারকাজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৬
Shares
রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড, শুরু হয়েছে সংস্কারকাজ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড আবারও টানানো হয়েছে। একই সাথে হামলার পর সেখানে লাগানো অন্য একটি সাইনবোর্ড সরিয়ে প্রতিষ্ঠানটিকে দখলমুক্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিক সংশ্লিষ্টরা সেখানে লাগানো ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ এর সাইনবোর্ডটি সরিয়ে দেন। পরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিজস্ব সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

এদিকে হামলা ও ভাঙচুরের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রতিষ্ঠানটিতে সংস্কারকাজও শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কর্মীরা কাজ করছেন।

তবে হামলার পরও স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নিয়ে রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

ঘটনার পর হামলা ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।