মাদারীপুরের রাজৈর পৌর এলাকার কুঠিবাড়ী এলাকায় প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে জোরপূর্বক নির্মাণ করা দেয়াল ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। এতে দীর্ঘদিনের চলাচলের পথ পুনরায় উন্মুক্ত হয়েছে।
জানা গেছে, কুঠিবাড়ী এলাকায় প্রতিবেশীদের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তা বন্ধ করে একটি দেয়াল নির্মাণ করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজৈর উপজেলা প্রশাসনের নজরে আসে।
খবর পেয়ে রাজৈর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাইরুন্নেছা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তার উদ্যোগে নির্মাণ করা দেয়ালটি ভেঙে দেওয়া হয় এবং প্রতিবেশীদের চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়।
প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

