...|...|...

জাতীয়

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যাতে কারাগারে আটক না থাকে সেটা নিশ্চিত করবে সরকার: শামা ওবায়েদ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, বিকেল ৪:৫৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৮
Shares
রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যাতে কারাগারে আটক না থাকে সেটা নিশ্চিত করবে সরকার: শামা ওবায়েদ

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যাতে অন্যায়ভাবে কারাগারে আটক না থাকে: শামা ওবায়েদ

রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কেউ যাতে কারাগারে আটক না থাকে, সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, মানবাধিকার রক্ষায় সরকার সচেষ্ট এবং জনগণের কাছে দায়বদ্ধ। বিরোধী দল, আওয়ামী লীগ বা অন্য যে দলেরই হোক, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যাতে অন্যায়ভাবে কারাগারে আটক না থাকে, তা সরকার নিশ্চিত করবে।

তিনি বলেন, ‘আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে, আমরা মানবাধিকার রক্ষায় সচেষ্ট আছি। আমরা দায়বদ্ধ জনগণের কাছে। বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যে দলই হোক-অন্যায়ভাবে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যাতে অন্যায়ভাবে জেলে বা আটক না থাকে, সেটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।’

বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের ব্যক্তিরা অনির্দিষ্টকাল ধরে বিনা বিচারে কারাগারে আটক রয়েছেন-মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এমন উদ্বেগের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, দেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

তিনি বলেন, ‘সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার নেতা-কর্মীরা। সুতরাং আমরা কখনোই চাইব না যে বর্তমানে বা ভবিষ্যতে গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই প্রত্যেকটি মানুষের মিনিমাম মানবাধিকার যেন নিশ্চিত হয়।’

জুলাই গণঅভ্যুত্থানের পর দায়ের হওয়া মামলাগুলো পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান শামা ওবায়েদ।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক মামলা হয়েছে। এর মধ্যে যেসব মামলা আইনগতভাবে হওয়া উচিত ছিল এবং হত্যাকাণ্ড ও গুম-খুনের ঘটনায় যারা জড়িত বা নির্দেশদাতা, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তবে কিছু মামলা অতি উৎসাহী হয়েও করা হয়েছে। এসব মামলাও আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে।

শামা ওবায়েদ বলেন, ‘মামলাগুলো রিভিউ করে তারা যদি সত্যতা না পায়, কোনো বেসিস না থাকে, সেই মামলাগুলো রিভিউ করে তারা ব্যবস্থা নেবে-এটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে বলেছে।’

তিনি বলেন, সরকার অতীতের মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি চায় না। প্রত্যেক নাগরিকের ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।