রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে হোটেলটির এক নম্বর গেটের সামনের রাস্তায় এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রাত ১০টা ৩৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
তিনি জানান, হাতিরঝিল থানার আওতাধীন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মো. ইবনে মিজান বলেন, ‘রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে হাতিরঝিল থানার একাধিক টিম উপস্থিত রয়েছে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

