রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় একটি সাততলা ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, তারা ভাটারার সাঈদনগর বড় মসজিদসংলগ্ন একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার বাসায় মেস ভাড়া নিয়ে থাকতেন।
তিনি বলেন, সকালে স্থানীয় লোকজনের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে ফুয়াদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে ফুয়াদ কীভাবে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গেলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তার রুমমেট।
নিহত ফুয়াদ নাঈমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ফুয়াদ নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা-পুলিশ তদন্ত করছে।


