বিদ্যমান ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।
নতুন আইনে এপিবিএনকে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠন ও পরিচালনার কথা বলা হয়েছে। এই ইউনিটের আওতায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়নসহ সরকার নির্ধারিত অন্য কোনো 0বিশেষ ব্যাটালিয়ন অন্তর্ভুক্ত থাকবে।
বিলে এপিবিএনকে নিজস্ব অধিক্ষেত্রে ফৌজদারি অপরাধ তদন্তের সরাসরি আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইন অনুসরণ করে অপরাধস্থলে প্রবেশ, তল্লাশি, আলামত ও মালামাল জব্দ এবং সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তারের ক্ষমতা পাবে বাহিনীটি।
নতুন আইনে এপিবিএনের প্রশাসনিক তথ্য ও সংবেদনশীল নথির সুরক্ষায় বিশেষ বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাহিনীর কোনো সদস্য সরাসরি বা পরোক্ষভাবে ইলেকট্রনিক গণমাধ্যম, সংবাদপত্র বা অন্য কোনো মাধ্যমে দাপ্তরিক তথ্য, দলিল কিংবা স্পর্শকাতর বিষয় প্রকাশ করতে পারবেন না।


