নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা একত্র হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও যুবলীগ নেতাসহ সংশ্লিষ্ট চার ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
শনিবার রাত ৮টার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রায় দুই ঘণ্টা পর রাত ১০টার দিকে বিভিন্ন বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে নেতা-কর্মীরা উপজেলা সদরের রেলক্রসিং এলাকা থেকে বের হন। পরে তারা বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী, হরিশতলা ও পুটিকা বাজার এলাকায় যান।
পুটিকা বাজারে গিয়ে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় আবু বকর রানার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। রাত ১০টার দিকে বিএনপির নেতা-কর্মীরা একত্র হয়ে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এরপর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আমজাদ হোসেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনের বাবা।
রাত পৌনে ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত একই ইউনিয়নের বাদে পুটিকা গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্বধলা উপজেলা কমিটির সদস্য আবুল বাশার খানের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। একই সময়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খানের বাট্টা গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাতে মুঠোফোনে বলেন, ‘যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এই ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’


