ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। তবে শান্তি আলোচনা শুরুর আগে ওয়াশিংটনকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের ওপর মার্কিন হামলা বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা অর্থ ফেরত দেওয়া।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি এসব শর্তের কথা জানান।
ইরানের দেওয়া সাতটি শর্ত হলো—
১. লেবাননসহ সব অঞ্চলে সামরিক অভিযান ও শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
২. বিদেশে জব্দ করে রাখা ইরানের কয়েক বিলিয়ন মার্কিন ডলারের অর্থ ছাড় করতে হবে।
৩. ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে।
৪. ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৫. ইরানের বিপ্লববিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করতে হবে।
৬. ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে।
৭. ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
মোহসেন রেজায়ি জানিয়েছেন, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু করবে না তেহরান। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও পুনরায় খুলে দেওয়া হবে না।
ইরানের দাবি, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে নতুন করে সংঘাত এড়ানোর জন্য এসব শর্ত বাস্তবায়ন জরুরি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কাতারসহ বিভিন্ন দেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হলেও নিষেধাজ্ঞা, নৌ-অবরোধ এবং সামরিক হামলা বন্ধের প্রশ্নে দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।


