ইরানকে চীন ও রাশিয়া সহায়তা করছে—এমন দাবি বিশ্বাস করেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, তেহরানকে সহায়তা করলে বেইজিং ও মস্কোকে বড় ধরনের ঝুঁকিতে পড়তে হতে পারে।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করলেও তা খুব সীমিত পর্যায়ে হতে পারে। তবে তারা আদৌ এমন করছে বলে তিনি বিশ্বাস করেন না। তাঁর দাবি, দেশ দুটি ইরানকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র তা দ্রুত জানতে পারত।
এর আগে জুলাইয়ে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাঁকে আশ্বস্ত করেছিলেন, বেইজিং কোনোভাবেই ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাঁকে ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন ট্রাম্প। সে সময় তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে জড়িয়ে পড়লে চীন ও রাশিয়াকে বড় মূল্য দিতে হতে পারে।
তবে ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহের নেটওয়ার্ককে সহায়তা এবং স্যাটেলাইট চিত্র সরবরাহের অভিযোগে মে মাসে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। বেইজিং ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগ অস্বীকার করে আসছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পাল্টা হামলার পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ-চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও নৌ-চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে আলোচনা থমকে আছে।


