...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের হুমকি ঠেকানোর একমাত্র পথ জানাল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ৮:২৩
Shares
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের হুমকি ঠেকানোর একমাত্র পথ জানাল ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধের হুমকি দূর করতে ‘টেকসই প্রতিরোধক্ষমতা’ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তাঁর মতে, দেশকে যুদ্ধের আশঙ্কা থেকে মুক্ত করা এবং বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটানোর একমাত্র পথ হলো শক্তিশালী ও দীর্ঘমেয়াদি প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা।

রবিবার (২২ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

গালিবাফ বলেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার অবসানের ওপর গুরুত্ব দিয়েছেন। এ জন্য রাজনৈতিক বক্তব্য বা বাগাড়ম্বরের পরিবর্তে বাস্তবভিত্তিক ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ‘আমরা যদি এই পরিস্থিতি চলতে দিতে না চাই, তাহলে দেশ থেকে যুদ্ধের ছায়া ও হুমকি দূর করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, টেকসই প্রতিরোধক্ষমতা অর্জনের মাধ্যমেই ইরানকে ভবিষ্যৎ সামরিক হুমকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব।

গালিবাফের মতে, ইরানকে দীর্ঘদিন ধরে যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অনিশ্চিত অবস্থায় রাখা যাবে না। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক বিতর্কের পরিবর্তে সুনির্দিষ্ট কৌশল ও বাস্তব পদক্ষেপ প্রয়োজন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এমন বক্তব্য দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার। দেশটির নেতৃত্বের দাবি, ভবিষ্যতে নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকি ঠেকাতে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।